জুলাই শহীদ দিবসে শাবিপ্রবিতে আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা মতাদর্শের একক অর্জন নয়; এটি বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতার সম্মিলিত সংগ্রামের ফল। এই আন্দোলন প্রমাণ করেছে, জাতি ঐক্যবদ্ধ হলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।

Location :

Sylhet
শাবিপ্রবিতে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. খায়রুল ইসলাম
শাবিপ্রবিতে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. খায়রুল ইসলাম |নয়া দিগন্ত

শাবিপ্রবি প্রতিনিধি
ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ ও একটি আদর্শ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, “আজ এই জুলাই শহীদ দিবসে আমরা শপথ নিই, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। তাদের স্বপ্নের নতুন বাংলাদেশ এবং একটি আদর্শ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করে যাব।”

তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের রক্তঝরা দিনগুলো জাতির ইতিহাসে চিরস্মরণীয়। শোষণ, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই একটি বৈষম্যহীন বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছে।

ভিসি তার বক্তব্যে শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম এবং শাবিপ্রবির শিক্ষার্থী রুদ্র সেনসহ আন্দোলনে আত্মদানকারী শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে আহত ও পঙ্গুত্ববরণকারী আন্দোলনকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা মতাদর্শের একক অর্জন নয়; এটি বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতার সম্মিলিত সংগ্রামের ফল। এই আন্দোলন প্রমাণ করেছে, জাতি ঐক্যবদ্ধ হলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।

শাবিপ্রবিকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা, মৌলিক অধিকার, একাডেমিক উৎকর্ষ এবং গবেষণার অনুকূল পরিবেশ নিশ্চিত করা হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই শহীদ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোখলেসুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. আশরাফ উদ্দিন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহ. মিজানুর রহমান, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. কামরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম জাকারিয়া, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমদ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌসী, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান পারভেজ, শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আজরফ আহসান জাবুর, শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখার সভাপতি মাসুদ রানা তুহিন, জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার আহ্বায়ক রশিদ আবরার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফয়সাল হোসেন, শাবিপ্রবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো. সোহাগ, জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার সদস্যসচিব রিয়াজ হোসেন রিমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহাবুল ইসলাম পবন, শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন, সহায়ক পরিবহনের সভাপতি জাহাঙ্গীর আলম ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত রেজিস্ট্রার ও উদযাপন কমিটির সদস্যসচিব মো. ফয়ছল আহমেদ।