এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে কাল

এবার দেশের দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে নয় হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব দিন পরীক্ষা থাকবে না, সেসব দিন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।

নয়া দিগন্ত অনলাইন
এইচএসসি পরীক্ষা
এইচএসসি পরীক্ষা |নয়া দিগন্ত

আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় এবার অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।

আজ বুধবার সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জানান, এবার দেশের দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে নয় হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব দিন পরীক্ষা থাকবে না, সেসব দিন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।

নয়টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছয় লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ছয় লাখ ৪৮ হাজার ৬১৪ জন। এ বছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২৬ হাজার ৬৪৫ জন বেশি।

তিনি জানান, নকলের জন্য পরিচিত ভেন্যু কেন্দ্রগুলো বাতিল করা হয়েছে। তবে হাওর, পার্বত্য এলাকা ও দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে কিছু কেন্দ্র বহাল রাখা হয়েছে। সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের পরীক্ষার্থীদের শনিবারের পরীক্ষা বিশেষ ব্যবস্থায় সূর্যাস্তের পর নেয়া হবে।

আবদুল খালেক বলেন, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, যা গত বছরের তুলনায় ১৪ হাজার ৩১৬ জন বেশি। এর মধ্যে ছাত্র চার লাখ ৯২ হাজার ৪০৬ জন এবং ছাত্রী পাঁচ লাখ ৭৭ হাজার ৩০৮ জন। একই সাথে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান বেড়েছে ৭৭টি এবং কেন্দ্র বেড়েছে ২১টি।

মাদরাসা শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ৯২ হাজার ৯০৫ জন, যা গত বছরের তুলনায় ছয় হাজার ৮০৩ জন বেশি। এ বোর্ডে কেন্দ্র বেড়েছে দু’টি এবং প্রতিষ্ঠানও ২৩টি বেড়েছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে দেশের যেকোনো পরীক্ষাকেন্দ্রের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যায়।

সংবাদ সম্মেলনে দেয়া তথ্যে দেখা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী এক লাখ সাত হাজার ৯৬৪ জন। এ বোর্ডে গত বছরের তুলনায় পরীক্ষার্থী এক হাজার ৬৪৭ জন কমেছে। একই সাথে, কেন্দ্রের সংখ্যা ১২৩টি কমে ৬১০টিতে নেমে এসেছে।

সূত্র : ইউএনবি