নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রফেশনাল ম্যানেজমেন্ট একাউন্টিং এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এ সেমিনারের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, ‘আজকের এ সেমিনার নোবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সময়োপযোগী। আমাদের দেশে যে পরিমাণ প্রফেশনাল ডিগ্রিধারী জনবল দরকার বাস্তব ক্ষেত্রে তা নেই। এই বাস্তবতায় একজন বিবিএ শিক্ষার্থীর জন্য শুধুমাত্র অ্যাকাডেমিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, এর পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘এ ধরনের ক্যারিয়ার বিষয়ক সেমিনার শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছি।’
এ সময় নোবিপ্রবিতে সেমিনারের আয়োজন করায় আইসিএমএবিকে ধন্যবাদ জ্ঞাপন করেন ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবদুল কাইয়ুম মাসুদ ও নোবিপ্রবি আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী।
সেমিনারে গেস্ট অব অনার হিসেবে ছিলেন আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট এস এম জহির উদ্দীন হায়দার। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আইসিএমএবির অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. মো: মামুনুর রশিদ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



