ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়সংলগ্ন কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভিসি ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এতে ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন, ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস. এম. ফরহাদ ও এজিএস মুহা. মহিউদ্দিন খান উপস্থিত ছিলেন।
সভায় ডাকসুর পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে জোরালো আলোচনা হয়। যথাসময়ে নির্বাচন আয়োজন এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেয়ার বিষয়ে সদস্যরা মতামত দেন। একই সঙ্গে হল সংসদগুলোর সাথে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় চলমান সেশনে ডাকসুর বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। ভিপি আবু সাদিক কায়েম ডাকসুর চলমান কার্যক্রম ও বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগের সার্বিক চিত্র তুলে ধরেন। বিভিন্ন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য তাদের দায়িত্বাধীন বাস্তবায়িত কাজ ও চলমান উদ্যোগের অগ্রগতি সম্পর্কে সভাকে অবহিত করেন।
এ ছাড়া ডাকসুর চলমান সেশনের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অডিট কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
সভায় ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী, আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না, সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, রায়হান উদ্দীন, উম্মে উসওয়াতুন রাফিয়া, মিফতাহুল হোসাইন আল মারুফ, তাজিনুর রহমান, রাইসুল ইসলাম, আফসানা আক্তার, হেমা চাকমা, বেলাল হোসেন অপু, শাহীনুর রহমান ও আনাস ইবনে মুনির সভায় উপস্থিত ছিলেন।



