প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। নতুন পরিবেশ, নিয়ম-কানুন ও ক্যাম্পাস সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নিতে শুরুতে অনেকেরই কিছুটা অসুবিধা হয়। এই পরিস্থিতিকে পুঁজি করে প্রতি বছর কিছু অসচেতন সিনিয়র শিক্ষার্থী অতীতে র্যাগিংয়ের মতো অমানবিক ও দণ্ডনীয় কর্মকাণ্ডকে নতুনদের সাথে পরিচিতি ও শিষ্টাচার শেখানোর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করে।
অথচ র্যাগিং ছাড়াও একটি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে বিশ্ববিদ্যালয় জীবনের সাথে পরিচিত করে তোলা সম্ভব।
এ বাস্তবতাকে সামনে রেখে র্যাগিংয়ের বিকল্প হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম।
২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য আগামী ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত চার দিনব্যাপী গ্রুমিং প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।
ভিসি অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম জানান, এ প্রোগ্রামের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের আগামী চার বছরের বিশ্ববিদ্যালয় জীবনের করণীয়, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক, সিনিয়র-জুনিয়র যোগাযোগ, কার্যকর পড়াশোনার কৌশল, আবাসন, শিষ্টাচার এবং ক্যাম্পাস জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তবসম্মত দিকনির্দেশনা দেয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুরু থেকেই সঠিক দিকনির্দেশনা পেয়ে একটি সুন্দর ও সফল বিশ্ববিদ্যালয় জীবন গড়ে তুলতে পারবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। অনেক নেটিজেন এটিকে র্যাগিংমুক্ত, নিরাপদ ও মানবিক ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে সময়োপযোগী এবং প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।



