ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী ‘ডাকসু লেখালেখি ও নাট্য কর্মশালা’র সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় আয়োজিত কর্মশালায় অংশ নেয়া প্রায় সাড়ে সাত শ’ শিক্ষার্থীর মধ্য থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং কর্মশালার আয়োজক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া, বাংলাদেশ সাহিত্য কেন্দ্রের সভাপতি কবি আফসার নিজাম, নটনাট্যের সভাপতি নাট্যকার ও নির্দেশক হুসনে মোবারক, তাইরান সম্পাদক তাসনিম মাহমুদ, নাট্যাভিনেতা সরদার আব্বাস, নির্মিতা এইচএম নুর, আবৃত্তিকার তারিক হাসিব ও নাট্য অভিনেত্রী উম্মে হানী মেঘলা।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের উদ্যোগে এবং নটনাট্য ও বাংলাদেশ সাহিত্যকেন্দ্রের ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের লেখালেখির বিভিন্ন কৌশল, গল্প ও নাট্যরচনা, চরিত্র নির্মাণ, সংলাপ, অভিনয় এবং মঞ্চ উপস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
আয়োজকরা জানান, কর্মশালায় শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি লেখালেখি ও নাট্যচর্চার প্রতি আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে। মাসব্যাপী এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীল দক্ষতা প্রকাশের সুযোগ পেয়েছেন।
আয়োজকদের মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও নাট্যচর্চাকে আরো বিস্তৃত করার ক্ষেত্রে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



