নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নোবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দফতরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
খেলায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, ‘নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, সহযোগিতা ও দলবদ্ধভাবে কাজ করার মনোভাব তৈরি করে।’
তিনি আরো বলেন, ‘এই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছো তারা প্রত্যেকেই বিজয়ী। কারণ প্রতিযোগিতায় অংশ নেয়ার মধ্য দিয়ে নিজেদের দক্ষতা ও সামর্থ্য প্রদর্শনের সুযোগ পেয়েছো। যারা চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে, তাদের আন্তরিক অভিনন্দন। একই সাথে সকল খেলোয়াড়, আয়োজক ও শরীরচর্চা শিক্ষা দফতরকে সফল আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।’
এ সময় নোবিপ্রবির শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির পাশাপাশি খেলাধুলাতেও নোবিপ্রবিকে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।
নোবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দফতরের উপ-পরিচালক সঞ্জীব কুমার দে ও মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, খেলোয়াড়, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাইক্রোবায়োলজি এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মধ্যে অনুষ্ঠিত ফাইনালে মাইক্রোবায়োলজি বিভাগ টাইব্রেকারে জয়লাভ করে। পরে নোবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল ও আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেয়া হয়। এ সময় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম, ব্যাডমিন্টন, ভলিবল ও ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয়া সকল খেলোয়াড়দের সার্টিফিকেট দেন নোবিপ্রবি ভিসি।



