গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ভিসি পরিবর্তন

এক মাসের ব্যবধানে ভিসি পরিবর্তন হয়েছে গোবিপ্রবিতে। নতুন ভিসি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. মো: সোহেল হাসান।

মো: নাঈম আশরাফ, গোবিপ্রবি

Location :

Gopalganj
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মো: সোহেল হাসান
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মো: সোহেল হাসান |নয়া দিগন্ত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) এক মাসের ব্যবধানে ভিসি পরিবর্তন হয়েছে। নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো: সোহেল হাসান।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৯ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: নাজমুস সাদাতকে গোবিপ্রবির ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়। এক মাসের ব্যবধানে তার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. সোহেলকে নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ড. মো. সোহেল হাসানকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদ থেকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ দেয়া হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, ড. মো: সোহেল হাসান বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, এর আগে ড. সোহেল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।