গাকৃবিতে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস

ভিসি বলেন, ‘পল্লির উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ নয়; মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জীবনমান ও মর্যাদার উন্নয়নও এর অংশ। জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে গাকৃবি পল্লির মানুষের পাশে থাকবে।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
পল্লী উন্নয়ন দিবস গাকৃবিতে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে
পল্লী উন্নয়ন দিবস গাকৃবিতে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে |নয়া দিগন্ত

কৃষকের জীবন, গ্রামীণ মানুষের উন্নয়ন ও পল্লির সম্ভাবনাকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের উদ্যোগে র‌্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে অনুষদ চত্বরে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান ও সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (সিরডাপ) মহাপরিচালক ড. পি চন্দ্র শেখর।

পরে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে গ্রামীণ জনজীবন ও পল্লি উন্নয়নবিষয়ক নানা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন ছিল।

বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরডাপ মহাপরিচালক বলেন, ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া রাষ্ট্রের সার্বিক উন্নতি সম্ভব নয়।’

তরুণ শিক্ষার্থীদের দক্ষতা অর্জন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ভিসি বলেন, ‘পল্লির উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ নয়; মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জীবনমান ও মর্যাদার উন্নয়নও এর অংশ। জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে গাকৃবি পল্লির মানুষের পাশে থাকবে।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নির্মিত ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন ও পল্লী উন্নয়ন : জাতীয় অর্থনীতির ভিত্তি শীর্ষক কি-নোট উপস্থাপন করা হয়। পরে উন্মুক্ত আলোচনা ও গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।