বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম, তথ্য ব্যবস্থাপনা, জনসম্পৃক্ততা ও ডিজিটাল যোগাযোগকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করার লক্ষ্যে কেন্দ্রীয় ওয়েবসাইট তৈরি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল।
ওয়েবসাইট তৈরির কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এ ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ওয়েবসাইটটির ঠিকানা jcd.org.bd।
ওয়েবসাইট তৈরির কার্যক্রমে রাহাত জামানের সঙ্গে কাজ করেছেন শাবিপ্রবি ছাত্রদলের সহ-সভাপতি সাইয়েদ আল নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু সরকার, দপ্তর সম্পাদক সামসুজ্জামান প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম আবিদ শৌমিক এবং কর্মী ফারিদুল রেজা সাগর ও জিহাদুল ইসলাম।
উদ্যোক্তারা জানান, এটি শুধু একটি ওয়েবসাইট নয়; বরং ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম, তথ্য ব্যবস্থাপনা, জনসম্পৃক্ততা ও ডিজিটাল যোগাযোগকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনার উদ্যোগ। প্ল্যাটফর্মটিতে কেন্দ্রীয় ওয়েবসাইটের পাশাপাশি রয়েছে আলাদা প্রশাসনিক ড্যাশবোর্ড। এর মাধ্যমে কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন পর্যায়ের কমিটি নিজ নিজ দায়িত্ব অনুযায়ী তথ্য ও কার্যক্রম পরিচালনা করতে পারবে।
ওয়েবসাইটে জেলা, বিশ্ববিদ্যালয় ইউনিট, মেডিক্যাল কলেজ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ বিভিন্ন পর্যায়ের কমিটির জন্য পৃথক দায়িত্ব ও অ্যাক্সেস ব্যবস্থা রাখা হয়েছে। দেশের ৬৪ জেলার কমিটিকে ইন্টারেক্টিভ ম্যাপ ও সার্চযোগ্য ডিরেক্টরির মাধ্যমে খুঁজে দেখার সুবিধাও রয়েছে। ব্যবহারকারীরা জেলা, কমিটির ধরন বা নাম দিয়ে নির্দিষ্ট কমিটি খুঁজে কমিটির সদস্য তালিকা, কার্যক্রম ও প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন।
এ ছাড়া মাঠ পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে দৃশ্যমান করতে প্ল্যাটফর্মে রাখা হয়েছে জাতীয় ইভেন্ট ও অ্যাক্টিভিটি ম্যাপ। এর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের কোথায় কী ধরনের কার্যক্রম হচ্ছে, তা দেখা যাবে। কেন্দ্র থেকে কোনো নির্দেশনা বা কর্মসূচি দেওয়া হলে সংশ্লিষ্ট কমিটির কার্যক্রমের সঙ্গে তা সংযুক্ত করার ব্যবস্থাও রয়েছে। ফলে কেন্দ্রীয় পর্যায় থেকে বিভিন্ন কমিটির কার্যক্রম তথ্যভিত্তিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য ওয়েবসাইটে রয়েছে ‘কমপ্লেইন্ট বক্স’। কোনো অ্যাকাউন্ট ছাড়াই অভিযোগ বা মতামত জানানো যাবে। অভিযোগ জমা দেওয়ার পর দেয়া হবে একটি ইউনিক ট্র্যাকিং আইডি। ওই আইডির মাধ্যমে পরবর্তীতে অভিযোগের অগ্রগতি ও সংশ্লিষ্ট কমিটির দেওয়া উত্তর দেখা যাবে।
সংগঠনের সংবাদ ও তথ্য প্রকাশের ক্ষেত্রেও রাখা হয়েছে সমন্বিত ব্যবস্থা। ওয়েবসাইটে সংবাদ, প্রেস রিলিজ, ছবি ও ভিডিও প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি শেয়ারের সুবিধা রয়েছে। একই সঙ্গে লাইভ ব্রডকাস্ট, পডকাস্ট, ডিজিটাল লাইব্রেরি ও ভিডিও লাইব্রেরির সুবিধাও রাখা হয়েছে। এর মাধ্যমে ছাত্রদলের বক্তব্য, আলোচনা, অনুষ্ঠান, সংবাদ ও গুরুত্বপূর্ণ নথিপত্র দীর্ঘমেয়াদে ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ করা সম্ভব হবে।
ওয়েবসাইটের নিরাপত্তা ও তথ্য ব্যবস্থাপনাতেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন পর্যায়ের কমিটি ও সাধারণ ব্যবহারকারীর জন্য পৃথক অ্যাক্সেস ব্যবস্থা রাখা হয়েছে। ফলে একটি কমিটি শুধু নিজস্ব এলাকার তথ্য পরিচালনা করতে পারবে এবং অন্য কমিটির তথ্য পরিবর্তনের সুযোগ থাকবে না। পাশাপাশি তথ্যের নিরাপত্তায় সার্ভার-সাইড যাচাই, রেট লিমিটিং, অ্যান্টি-অ্যাবিউজ ব্যবস্থা ও ডেটা অ্যাক্সেস কন্ট্রোল রাখা হয়েছে।
ওয়েবসাইট তৈরির বিষয়ে শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ‘দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা, পরিশ্রম এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনাকে সামনে রেখে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও সংরক্ষণের মাধ্যমে এই তথ্যনির্ভর ওয়েবসাইটটি তৈরি করতে সক্ষম হয়েছি।’
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু একটি ওয়েবসাইট তৈরি করা নয়; বরং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস, ঐতিহ্য, সাংগঠনিক কাঠামো, নেতৃত্ব, কার্যক্রম ও গুরুত্বপূর্ণ তথ্যকে একটি নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করা।’
রাহাত জামান আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে ছাত্রদলের অতীত, বর্তমান ও ভবিষ্যতের তথ্য আরও সহজে সবার কাছে পৌঁছে যাবে। আশা করছি, এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যের একটি নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠবে এই ওয়েবসাইট।’



