মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

‘বৈঠকে উভয় নেতা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী ও গভীর করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। বাণিজ্য, বিনিয়োগ এবং ভূ-রাজনৈতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পায়।’

নয়া দিগন্ত অনলাইন
হুমায়ুন কবির, খলিলুর রহমান, মার্কো রুবিও, সার্জিও গোর (বাঁ থেকে)
হুমায়ুন কবির, খলিলুর রহমান, মার্কো রুবিও, সার্জিও গোর (বাঁ থেকে) |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এক দ্বিপক্ষীয় সাক্ষাতে তিনি এ আমন্ত্রণ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৈঠকে উভয় নেতা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী ও গভীর করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। বাণিজ্য, বিনিয়োগ এবং ভূ-রাজনৈতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পায়।

এ সময় জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব নির্বাচনে জয়লাভ করায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জবাবে খলিলুর রহমান তাকে ধন্যবাদ জানান এবং পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানান।

উচ্চপর্যায়ের এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।