বাংলাদেশ ও রাশিয়া জ্বালানি খাতসহ দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনা এবং সম্পর্ক আরো গভীর করার ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং তার রুশ প্রতিপক্ষ সের্গেই লাভরভ নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আলোচনার সময় দুই পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে সহযোগিতার ওপর বিশেষ জোর দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা করেন।
উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো বাড়ানোর উপায় নিয়েও মতবিনিময় করেছে।
লাভরভ বৈঠককালে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী নবগঠিত বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গোষ্ঠীকেও স্বাগত জানিয়েছেন এবং দুই দেশের মধ্যে আইন প্রণয়ন সংক্রান্ত সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার একটি উপায় হিসেবে এই উদ্যোগের প্রশংসা করেছেন।
উভয়পক্ষ অব্যাহত যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা আরো জোরদার করতে এবং দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে একমত হয়েছে।
সূত্র : বাসস



