মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করছে সরকার : শামা ওবায়েদ

এই জোটে অংশগ্রহণের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থই হবে প্রধান বিবেচ্য বিষয়।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম |ইন্টারনেট

পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না, সে সিদ্ধান্ত নেয়ার আগে এ সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনা করছে সরকার।

আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘মক্কা চুক্তিতে অংশগ্রহণের বিষয়ে আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। এতে যোগদানের আগে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে।’

তিনি বলেন, এই জোটে অংশগ্রহণের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থই হবে প্রধান বিবেচ্য বিষয়।

প্রস্তাবিত চুক্তিতে যোগদানের জন্য ঢাকা এখনো কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলেও জানান শামা ওবায়েদ।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত এই জোট এবং এতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা চলার মধ্যেই তিনি এসব কথা বলেন।

এর আগে, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, বাংলাদেশ চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে এবং এ উদ্যোগে তারা আগ্রহী।

হুমায়ুন কবির রোববার বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে বাংলাদেশ কোনো ঝুঁকি দেখছে না এবং এতে অন্যান্য অংশীদারের সাথে বাংলাদেশের সম্পৃক্ততা সীমিত হবে না।

সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ তার সাথে সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি একটি অনন্য চুক্তি, যা নতুন সুযোগ সৃষ্টি করছে।’

উদ্যোগটির বিষয়ে ঢাকার ইতিবাচক মনোভাব ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরো বলেন, ‘মক্কা বাংলাদেশের হৃদয়ে।’

উল্লেখ্য, গত ৭ আগস্ট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বা ‘মক্কা চুক্তি’ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। এ পর্যন্ত সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক চুক্তিটির অংশীদার হয়েছে।

সূত্র : বাসস