কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের বাবা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বুধবার (১৫ জুলাই) দোহার লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত রাষ্ট্রীয় শোকগ্রহণ অনুষ্ঠানে স্পিকার এ শোকবার্তা হস্তান্তর করেন।
তিনি এ সময় মহামহিম আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুম আমিরের রূহের মাগফিরাত কামনা করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আধুনিক কাতারের স্থপতি হিসেবে খ্যাত মরহুম আমিরের দূরদর্শী নেতৃত্ব এবং বাংলাদেশ-কাতার ভ্রাতৃপ্রতিম সম্পর্কের ভিত্তি সুদৃঢ়করণে তার অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সাথে সাক্ষাৎ করেন।
এর আগে স্পিকার এক সংক্ষিপ্ত সরকারি সফরে কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের বাবার মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে ১৪ জুলাই দুপুরে দোহায় পৌঁছেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টা ২৫ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান এবং কাতারের আমির-ই-দিওয়ান এর প্রতিনিধি স্পিকারকে স্বাগত জানান।
উল্লেখ্য, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশীদের অকৃত্রিম বন্ধু কাতারের সাবেক মহামহিম আমির শেখ হামাদ এর মৃত্যুতে বাংলাদেশ সরকার ১৫ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা-প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।



