চীনের প্রতি বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান। একইসাথে দেশের প্রযুক্তিনির্ভর ও শিল্প খাতে আরো বেশি চীনা বিনিয়োগেরও আহ্বান জানান তিনি।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ গেলে গভর্নর এ আহ্বান জানান। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো সম্প্রসারণ ও জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকে গভর্নর দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে চীনের বাজারে বাংলাদেশী পণ্যের আমদানি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি দেশে বাংলা কিউআর (বাংলা কিউআর) ব্যবস্থা বাস্তবায়নে চীনের ‘সিঙ্গেল কিউআর’ ব্যবস্থার অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা কামনা করেন।
চীনের রাষ্ট্রদূত বিদেশী বিনিয়োগ আরো সহজীকরণের ওপর গুরুত্বারোপ করলে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের ফলে বিদেশী বিনিয়োগকারীরা সহজেই তাদের বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন।
তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আরো উন্নত হচ্ছে এবং এ সুযোগ কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর ও শিল্প খাতে চীনা বিনিয়োগ বাড়ানো যেতে পারে।
বৈঠকে চীনের রাষ্ট্রদূতের সাথে কাউন্সেলর সং ইয়াং ও অ্যাটাশে ওয়েন জিনহুয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো: সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সূত্র : বাসস



