রাজধানীর তুরাগ সিরাজ মার্কেটের পাশে আকবর ভবন সবুজের বস্তি এলাকায় কবিতা রাফা (৭ মাসের) নামে এক শিশু তার বাবার আছাড়ে প্রাণ হারিয়েছে বলে অভিযোগ উঠেছে। তার বাবা মোহাম্মদ কবির বর্তমানে থানায় আটক আছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি ২০০নং ওয়ার্ডে চিকিসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর মা লিমা আক্তার জানান, আমার স্বামী একজন ব্যাটারিচালিত অটো রিকশাচাল চালক।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে আমার স্বামীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। যেমন- ঠিকমতো ভরণ-পোষণ, টাকা-পয়সা দেয় না, বাজার ঠিকমতো করে না- এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়।
তিনি আরো জানান, কথা কাটাকাটির একপর্যায়ে আমার চোখের সামনে মেয়েকে পা ধরে মাথার ওপর উঠিয়ে আছাড় মারেন তার স্বামী, এতে বাচ্চাটি গুরুতর আহত হয়। পরে বাচ্চাটিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসাধীন রাখেন।
লিমা আক্তার বলেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরের দিকে আমার মেয়ে মারা যায়। পরে স্থানীয় লোকজন আমার স্বামী কবিরকে আটক করে পুলিশের সোপর্দ করে।
তিনি জানান, আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে ও স্বামীর বাড়ি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। আমার একটা মাত্রই মেয়ে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



