জাল নথি তৈরি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার ৬ জন রিমান্ডে

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের দফতরের একটি চিঠির সূত্র ধরে সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম, পরিচয় ও স্বাক্ষর ব্যবহার করে ভুয়া নথি তৈরির বিষয়টি পুলিশের নজরে আসে।

নয়া দিগন্ত অনলাইন
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত |ইন্টারনেট

সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম, পরিচয়, সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটারহেড ব্যবহার করে জাল নথি তৈরি এবং প্রতারণার অভিযোগে করা মামলায় গ্রেফতার ছয়জনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

তারা হলেন ফারুক হোসেন, সাকিব খান, মাসুম মুনসি, মীর তৌহিদুল ইসলাম, বকুল মন্ডল ও রফিকুল ইসলাম।

আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের দফতরের একটি চিঠির সূত্র ধরে সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম, পরিচয় ও স্বাক্ষর ব্যবহার করে ভুয়া নথি তৈরির বিষয়টি পুলিশের নজরে আসে। মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো একটি খামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ও খাম ব্যবহার করা হয়। ওই খামের ভেতরে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর সংবলিত বিভিন্ন নথি ছিল।

নথিগুলোর সত্যতা নিয়ে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি তদন্তের জন্য ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে পাঠানো হয়। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটারহেড জাল করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে প্রতারণা করে আসছে।

এ ঘটনায় রমনা থানায় ৫ আগস্ট ডিবি পুলিশের উপ-পরিদর্শক রায়হানুর রহমান একটি মামলা দায়ের করেন।

সূত্র : বাসস