রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ বিভাগ থেকে ৩৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৮০ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৫ জন, মিরপুর বিভাগ থেকে ১৩২ জন, গুলশান বিভাগ থেকে ৪০ জন, উত্তরা বিভাগ থেকে ৫৫ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন ও ৫ লিটার দেশী মদ উদ্ধার করা হয়। এছাড়া ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ১১টি মোবাইল ফোন, ৫২৬ বস্তা চাল, দুইটি চাকু, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, একটি প্রাইভেটকারের রিমোট চাবি এবং দুইজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ডিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।



