কুড়িগ্রাম সদর উপজেলায় আট কেজি গাঁজাসহ মো: জাহিদ হাসান আঙ্গুর (২৮) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদরের মুক্তারাম এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আঙ্গুর নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের কাঙ্গালটারী গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আঙ্গুরের ব্যবহৃত মোটরসাইকেলটি থামানো হয়। মোটরসাইকেলের হুকে ঝুলানো একটি প্লাস্টিকের বাজার ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো দু’টি পোটলা থেকে মোট আট কেজি গাঁজা উদ্ধার করা হয় ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম সদর থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
উদ্ধার গাঁজা ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য তিন লাখ ১০ হাজার টাকা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শাহ্-নেওয়াজ বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’



