রাজধানীর বনানীর একটি জুয়েলার্সের দোকানে ক্রেতা সেজে জাল টাকা দিয়ে স্বর্ণালংকার কেনার চেষ্টা করার সময় মো: রুবেল আহম্মেদ ফকির (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। এ ঘটনায় তার এক সহযোগী পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে এ ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
তিনি জানান, দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে দোকানে প্রবেশ করে জানায়, তাদের এক আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কিনবে। পরে তারা পছন্দ করা স্বর্ণালংকার বিল করে প্যাকেট করতে বলে।
একপর্যায়ে মূল্য পরিশোধের জন্য দোকান কর্তৃপক্ষ টাকা চাইলে তারা একটি কালো রঙের ট্রলি ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা বের করে দোকানের কাচের টেবিলের ওপর রাখে। টাকাগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে তারা সেগুলো কথিত জাল নোট বলে শনাক্ত করেন।
বিষয়টি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন রুবেল আহম্মেদ ফকিরকে আটক করতে সক্ষম হন। তবে তার অপর সহযোগী কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে ৫৭ লাখ পাঁচ হাজার টাকা জব্দ করে।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া রুবেল আহম্মেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একইসাথে পলাতক সহযোগীসহ ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



