রাজধানীতে সবজি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

রাতে ব্যবসা শেষে কুদ্দুস পূর্ব জুরাইনের নবারণ গলির পপি স্কুলের সামনের সড়ক দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা |প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইন এলাকায় মো: কুদ্দুস (৫০) নামে এক সবজি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত পৌনে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, রাত সাড়ে ১০টার দিকে জুরাইনের নবারণ গলির পপি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সবজি ব্যবসায়ী কুদ্দুস পূর্ব জুরাইনের দারোগাবাড়ী রোডের ৯১/এ নম্বর বাসার বাসিন্দা। স্বজনরা জানিয়েছেন, তিনি স্থানীয় বৌ বাজারে সবজির ব্যবসা করতেন।

কুদ্দুসকে হাসপাতালে নিয়ে আসা কামাল শিকদার জানান, রাতে ব্যবসা শেষে কুদ্দুস পূর্ব জুরাইনের নবারণ গলির পপি স্কুলের সামনের সড়ক দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সূত্র : ইউএনবি