ঢাকার সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুষ্কৃতিকারীরা ভবনের জানালার থাই গ্লাস খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
শুক্রবার (১৩ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কয়েকজন দুষ্কৃতিকারী অফিস ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার লিফটসংলগ্ন জানালার দুটি থাই গ্লাস খুলে ফেলে। পরে তারা ভবনের পেছন দিক দিয়ে একটি গ্লাস নিয়ে যেতে সক্ষম হলেও অন্যটি নিতে পারেনি।
এ সময় শব্দ পেয়ে দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ, পাশাপাশি দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে দুষ্কৃতিকারীদের ধাওয়া করেন। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনার পর অ্যাটর্নি জেনারেল প্রশাসনিক কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়েরের নির্দেশ দেন। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের শনাক্ত করে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।



