রাজধানীর কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থা তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা বোন শারমিন আক্তার জানান, আমার ভাই একটি দোকানের কর্মচারী ছিলেন। রাতের দিকে মুজাহিদসহ ২০/২৫ জন পূর্ব শত্রুতার জেরে কামরাঙ্গীরচর ব্যাটারি গলি ঈদগাঁ মাঠ-সংলগ্ন এলাকায় আমার ভাইকে কাউসার এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে আমরা খবর পেয়ে আমার ভাইকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামে বাড়ি মুন্সিগঞ্জ সদর এলাকার আলাউদ্দিনের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর ব্যাটারি গলি ঈদগাঁ মাঠ-সংলগ্ন এলাকায় থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।


