রাজধানী ঢাকায় পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগে ২৮ জন, ওয়ারীতে ৬০ জন, মতিঝিলে ৫২ জন, তেজগাঁওয়ে ৯১ জন, মিরপুরে ১৯৩ জন, গুলশানে ৪১ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গোয়েন্দা বিভাগে ১২ জন ও সিটিটিসিতে একজন রয়েছেন।
এছাড়া অভিযানকালে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১ পিস ইয়াবা, একটি শটগান, একটি প্রাইভেটকার, একজন ভিকটিম, ১৫টি মোবাইল ফোন ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



