রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৭৭, মামলা ৪০টি

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৬৮ জন, তেজগাঁও বিভাগ ১১৪ জন, মিরপুর বিভাগ ১৪৩ জন, গুলশান বিভাগ ৩৯ জন, উত্তরা বিভাগ ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেফতার করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) |সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৬৮ জন, তেজগাঁও বিভাগ ১১৪ জন, মিরপুর বিভাগ ১৪৩ জন, গুলশান বিভাগ ৩৯ জন, উত্তরা বিভাগ ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ছুরি, ছয়টি ককটেল, ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা ও ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এছাড়া দুইটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, সাতটি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং চারটি ইলেকট্রনিকস চিপ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।