রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ চিহ্নিত চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার ব্যক্তিরা চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদককারবারি সাথে জড়িত।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি মির্জা তারেক আহমেদ বেগ।
তিনি জানান, প্রথমে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালানো হলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে মঙ্গলবার দিবাগত রাতে জামালপুরের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে সাজু মজুমদার (২৮), অন্তর রহমান ওরফে অনু (২২) ও মো: পারভেজকে (২২) গ্রেফতার করা হয়।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আজ বুধবার ভোরে দক্ষিণখানের মধ্য আজমপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার তিনজনের দেখানো ও শনাক্ত করা স্থান অনুযায়ী বাবু ওরফে সেন্টুর (২৫) বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের বালিশের নিচে রাখা একটি কালো রঙের ব্যাগ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে বাবু ওরফে সেন্টুকেও গ্রেফতার করা হয়।
ডিসি মির্জা তারেক আহমেদ বেগ বলেন, উদ্ধার হওয়া পিস্তলটি কালো রঙের। এর গায়ে ‘অটো পিস্তল’ ও ‘মেইড ইন ইউএসএ’ লেখা রয়েছে।
পুলিশের তথ্যমতে, গত ৪ সেপ্টেম্বর দক্ষিণখান থানার মুক্তিযোদ্ধা রোড এলাকায় চাঁদা দাবির উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি মো: শাহিন (২৮) নামে এক ব্যক্তির পথরোধ করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর এবং হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। এ ঘটনায় পরে দক্ষিণখান থানায় মামলা করা হয়।
মামলাটির তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। তবে অভিযুক্তরা বারবার অবস্থান পরিবর্তন করায় তাদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করে।
তিনি আরো জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাসস


