গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) সি-শিফট অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৫ লিটার বিদেশী মদ আটক করেছে। আটককৃত মদের আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা।
বুধবার (১২ আগস্ট) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ বুধবার দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়া-এর এআই২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ নজরদারি চালানো হয়।
এ সময় দোহা থেকে আগত যাত্রী প্রশান্ত লাল দাস-এর ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল এবং একই ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীর আলম-এর ব্যাগেজ তল্লাশি করে আরো পাঁচ লিটার স্কটিশ লিডার ও গ্র্যান্টস ব্র্যান্ডের মদ আটক করা হয়।
দুই যাত্রীর কাছ থেকে আটককৃত বিদেশী মদের মোট পরিমাণ ১৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার প্রচেষ্টা প্রতিরোধে সিআইআইডি’র গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। বাসস



