মিরপুরে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১২০

রাজধানীর মিরপুর এলাকায় ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ও ওয়ারেন্টভুক্তসহ ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য ও হারানো মোবাইলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

নিজস্ব প্রতিবেদক
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতাদের একাংশ
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতাদের একাংশ |সংগৃহীত

রাজধানীর মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১২০ জন আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পরিচালিত নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির মিরপুর ক্রাইম ডিভিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, মিরপুর মডেল থানা থেকে ৪১ জন, পল্লবী থানা থেকে ৪২ জন, কাফরুল থানা থেকে ৮ জন, দারুস সালাম থানা থেকে ৯ জন, শাহআলী থানা থেকে ৫ জন, ভাষানটেক থানা থেকে ৬ জন এবং রূপনগর থানা থেকে ৯ জন গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামিদের মধ্যে সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারী চক্রের সদস্য, বিভিন্ন নিয়মিত ও পূর্বের মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মাদককারবারি ও মাদকসেবী রয়েছে। এছাড়াও অভিযানের সময় বিভিন্ন অপরাধে ব্যবহৃত আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন থানার অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

মিরপুর ক্রাইম ডিভিশন জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধ এবং পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।