ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর বংশাল থানাধীন তাঁতীবাজার মোড় এলাকা থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ৪টা ৪০ মিনিটের দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল বংশাল থানাধীন তাঁতীবাজার মোড় থেকে ফুলবাড়ীয়া বাস স্ট্যান্ডগামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে প্রিমিয়ার ব্যাংক বংশাল শাখা ভবনের নিচে রাস্তার পাশ থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- মো: এনামুল হক (২৮), মো: ইউসুফ আলী (৩৮) ও মোছাম্মদ মৌসুমী (৩০)।
গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্র জানায়, এ সময় গ্রেফতারদের হেফাজত থেকে ৮০টি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেটে রক্ষিত ১৬ হাজার পিস (প্রতি প্যাকেটে ২০০ পিস) কমলা রঙের ইয়াবা ট্যাবলেট, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুইটি মোবাইল ফোন, ঘন কফি রঙের ‘APEX’ লেখা একটি ব্যাগ, কালো রঙের ছোট আইপিএস সদৃশ টিনের বাক্স উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।



