ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১ কোটি ৪১ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এক বিজ্ঞপ্তি এ তথ্য জানান।
তিনি জানান, ১ জুলাই সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, চন্ডিদার ও কসবা এলাকা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও মাদলা সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বাসমতি চাল, শাড়ি, উন্নতমানের সাবান, গরু, চকলেট, মরিচের বীজ, নিউরোবিন ফোর্টি ট্যাবলেট, চিংড়ি মাছের রেণু এবং গাঁজাসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ৪১ লাখ ৩৪ হাজার টাকা।
জব্দকৃত মালামালসমূহের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং মাদকদ্রব্য ও অন্যান্য জব্দকৃত আলামতের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’- বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, পুশ-ইন এবং নারী-শিশু পাচার প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।
ভবিষ্যতেও সীমান্তে সকল ধরনের অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



