রাজধানীর মিরপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ শুটার মো: জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপি এসব তথ্য জানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১১টা ২০ মিনিটে মিরপুর এলাকায় গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগজিনে থাকা দুই রাউন্ড গুলি, একটি কালো রঙের বিদেশী রিভলবার, রিভলবারের চেম্বারে থাকা দুই রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জাকির মূলত একজন পেশাদার সন্ত্রাসী ও অস্ত্রধারী শুটার। সে দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে নিজের আধিপত্য বিস্তার করে আসছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সে কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে মিরপুর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। পরবর্তী সময়ে জয় নিহত হওয়ার পর সে অপরাধীচক্রের আরেক সক্রিয় সদস্য তাজকীরের সহযোগী হিসেবে নিজের অপরাধমূলক কার্যক্রম বজায় রাখে।
পুলিশের তথ্যমতে, গত ৭ জুলাই রাত ৯টায় মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম সিজু (৩৮)-কে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। ওই ঘটনার সময় জাকির সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী শুটার মো: কাওছার ভুইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪)-কে অস্ত্র ও গুলিসহ পুলিশ গ্রেফতার করে। ওই হামলার ঘটনায় মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে দু’টি নিয়মিত মামলা দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানিয়েছেন, গ্রেফতার হওয়া জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



