রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আব্দুল করিম (৪০) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা খোয়া গেছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী থানার সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
আব্দুল করিম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বাসিন্দা আব্দুস সুবাহানের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
হাসপাতালে নিয়ে আসা তার স্ত্রী রুনা আক্তার জানান, তারা নারায়ণগঞ্জ থেকে কেনাকাটার উদ্দেশ্যে বাসে করে ঢাকায় আসছিলেন। বাসে পাশাপাশি আসন না থাকায় তিনি সামনের একটি সিটে এবং তার স্বামী পেছনের একটি সিটে বসেন।
তিনি বলেন, সাইনবোর্ড এলাকায় পৌঁছানোর পর তার স্বামী হঠাৎ অচেতন হয়ে পড়েন। বাসের স্টাফদের সহযোগিতায় তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পাকস্থলী ওয়াশ করার পর মেডিসিন বিভাগে ভর্তি করেন। এ সময় তার স্বামীর কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। তবে তার মোবাইল ফোনটি নিতে পারেনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, সাইনবোর্ড এলাকা থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আব্দুল করিম নামে এক ব্যবসায়ী হাসপাতালে এসেছেন। তার পাকস্থলী ওয়াশ করে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।



