ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে চার হাজার ১১৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার ও বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ২৪১, লালবাগ বিভাগে ৩৬৮, মতিঝিল বিভাগে ৪২৬ ও ওয়ারী বিভাগে ৫৯২টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩৮০, মিরপুর বিভাগে ৫৫৫, উত্তরা বিভাগে ৯৪৪ ও গুলশান বিভাগে ৬১২টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৯৫৮টি গাড়ি ডাম্পিং ও ৪০২টি গাড়ি রেকার করা হয়েছে। বাসস



