রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সাথে বাকবিতণ্ডার জেরে মোহাম্মদ রাব্বী (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ছনটেক প্রধান সড়কের স্বপ্ন সুপারশপের সামনের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত রাব্বী কুমিল্লার মুরাদনগর উপজেলার নেওয়াগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে। তিনি পরিবার নিয়ে যাত্রাবাড়ীর গোবিন্দপুর আল-মদিনা গলি এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি মাছের আড়তে কাজ করতেন। দুই বছর আগে বিয়ে করা রাব্বীর আড়াই মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ভোরে একটি মোবাইল ফোন নিয়ে রাব্বীর সাথে তার দুই বন্ধুর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বন্ধুদের মধ্য থেকে একজন তাকে বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রাব্বী দৌড়ে পালানোর চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণে রাস্তাতেই তার মৃত্যু হয়। নিহতের বুকের বাম পাশে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অতনু দে প্রেম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের পকেটে কিছু টাকা পাওয়া গেলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
নিহতের দুলাভাই শফিকুর রহমান জানান, ভোর ৪টার দিকে রাব্বীর সাথে তার ফোনে কথা হয়েছিল। এর কিছুক্ষণ পর আবারো ফোন করলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। পরবর্তী সময়ে দূর সম্পর্কের এক আত্মীয়ের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান।



