জুলাই-আগস্টের শহীদদের স্মরণে বাকৃবিতে ছাত্রদলের স্মরণসভা

অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি

Location :

Mymensingh
প্রধান অতিথির বক্তব্য রাখছেন ভিসি ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়া
প্রধান অতিথির বক্তব্য রাখছেন ভিসি ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়া |নয়া দিগন্ত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চব্বিশের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাকৃবি ছাত্রদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বাকৃবি ছাত্রদলের সভাপতি মো: আতিকুর রহমান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ এম শোয়াইবের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. রফিকুল ইসলাম সর্দার, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. আলি রেজা ফারুক, সাধারণ সম্পাদক ড. আহমেদ খায়রুল হাসান, প্রক্টর অধ্যাপক ড. মো: আব্দুল আলীম ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী।

স্মরণসভায় বক্তারা জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বক্তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও ন্যায়বিচারের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তারা বলেন, ইতিহাসের এ আত্মত্যাগ নতুন প্রজন্মকে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অনুপ্রাণিত করবে। শহীদদের আদর্শ ও ত্যাগকে জাতীয় জীবনে যথাযথ মর্যাদায় ধারণ করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।