চুয়াডাঙ্গার মহেশপুরে বিভিন্ন সিমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ৫৮-বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির সূত্রে জানা গেছে, বুধাবর রাত ৮টার দিকে নিমতলা বিওপির সীমান্ত থেকে ১৫০ গজ ভেতরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কাঁচা রাস্তা থেকে ৩৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করে নায়েক মো: হাফিজুর রহমানের নেতৃত্বাধীন একটি টহল দল। একই দিনে একই সময় পলিয়ানপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত থেকে ৪০০ গজ ভেতরে উজ্জ্বল মিয়ার আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৪ বোতল এস্কাফ সিরাপ ও ১২ কেজি গাজা উদ্ধার করা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন নায়েব সুবেদার মো: রমজান আলী।
পরে রাত সাড় ১০টার দিকে রাজাপুর বিওপির নায়েব সুবেদার মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে সীমান্ত থেকে ৫০ গজ অভ্যন্তরে মানিকপুর গ্রামের একটি পেয়ারা বাগানের পাশ থেকে ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মেদিনীপুর বিওপির হাবিলদার মো: জাহিদুল ইসলামের নেতৃত্বে সীমান্ত এলাকা থেকে ৮০ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
এছাড়া, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি চোরচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার বিকালে উথলী বিওপির সীমান্ত পিলার সংলগ্ন সন্তোষপুর গ্রামের পাঁকা রাস্তার পাশ থেকে ২৮২০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করে হাবিলদার মো: ইছাব্বর আলীর নেতৃত্বাধীন টহল দল।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, প্রতিটি অভিযানেই উদ্ধার মালামাল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ও এ ঘটনায় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক রোধে বিজিবির এই কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



