গোপালগঞ্জের মুকসুদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে দু‘টি বাসের সংঘর্ষে দু‘জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ২০ জন।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাগদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো পটুয়াখালীর আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) ও শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে কালাম (৩০)।
পুলিশ জানায়, ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। এসময় পেছন থেকে আসা সীমান্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসটিকে ধাক্কা দেয়। এতে দু‘টি বাসের থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দু‘জনকে ঢাকায় নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
আহতদের মধ্যে আরো একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ পরিচালনা করা হয়।’



