ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এ কর্মবিরতি শুরু হয়েছে।
রোববার (৭ জুন) বেলা সোয়া ১১টায় রামেক হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন ২২০ জন ইন্টার্ন চিকিৎসক।
আন্দোলনরত চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছরের বাধ্যতামূলক শিক্ষানবিশকাল (ইন্টার্নশিপ) বাতিল করা, বিসিএস চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে ৩৪ বছর করা।
এছাড়া ঘোষিত ছয় দফা দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়নেরও দাবি জানান আন্দোলনকারীরা।
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসা সেবায় চাপ বেড়েছে। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসাসেবায় অতিরিক্ত চাপ তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বিশেষ করে বহির্বিভাগ ও ওয়ার্ড পর্যায়ে দায়িত্ব পালনকারী চিকিৎসকদের ওপর কাজের চাপ বেড়েছে।
অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় যেন কোনো সংকট তৈরি না হয়, সেজন্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের ভোগান্তি এড়াতে বর্তমানে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সার্বিক সহযোগিতায় ও সরাসরি তত্ত্বাবধানে বিকল্প ব্যবস্থায় রোগীদের চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে।
উল্লেখ্য, ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে সারাদেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে একযোগে লাগাতার কর্মবিরতির ডাক দিয়ে চূড়ান্ত আন্দোলন শুরু করে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এ কর্মসূচির অংশ হিসেবে রামেক হাসপাতালে কর্মবিরতি পালন করা হচ্ছে।



