সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫০ পিস ইয়াবাসহ আটকের পর পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদককারবারি মো: রাজু মিয়াকে ১০ ঘণ্টা পর গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর দেড়টায় পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে তার বাড়ি জামপুরের কোবাগা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বড় ভাই আক্তার হোসেনকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের মরহুম হোসেন আলির ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালিয়ে পলাতক মাদককারবারি মো: রাজু মিয়াকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটকের পর তার সাথে থাকা ইয়াবা উদ্ধার করে হাতে হাতকড়া পড়িয়ে ফাঁড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা হয়। এসময় মাদককারবারির পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। পরে আটককৃত মাদককারবারি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনকে হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান।
পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার বড় ভাই আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক (এসআই) মো: জসিম উদ্দিন বলেন, ‘হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদককারবার ও পালিয়ে যাওয়ার সহযোগিতা করার অপরাধে তার ভাইকেও গ্রেফতার করা হয়েছে।’
থানার পরিদর্শক (তদন্ত) মো: আনোয়ার হোসেন বলেন, ‘মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে মাদককারবারি দুই ভাইকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’



