সাতক্ষীরার তালায় অভিযান চালিয়ে একটি সীমানা পিলার ও মোটরসাইকেলসহ প্রতারকচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ মণ্ডলের বাড়ির থেকে এই সীমানা পিলার উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার কলাগাছি গ্রামের মরহুম চতুর মণ্ডলের ছেলে ভোলানাথ মণ্ডল (৬০), পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের সুনীল সরদারের ছেলে তুষার কান্তি সরদার (৩৫), একই গ্রামের বিমল কৃষ্ণ সরদারের ছেলে সুশান্ত সরদার (৪৪) এবং বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের পরলোকগত ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে যাদব সরকার (৪২)।
সাতক্ষীরা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলমের সার্বিক নির্দেশনায় তালা থানা পুলিশের একটি বিশেষ দল বিভিন্ন চুরি, ডাকাতি, প্রতারণা, অপহরণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ অবৈধ মালামাল উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১০ নম্বর খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ মণ্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সীমানা পিলার উদ্ধার ও মোটরসাইকেল উদ্ধার এবং প্রতারকচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে স্থানীয়ভাবে অনুসন্ধান ও প্রাথমিক তদন্তে প্রতারণার সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা একটি পেশাদার প্রতারক চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আগেও প্রতারণার অভিযোগ রয়েছে।’
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।



