ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে পাবনা শহরের নুরজাহান কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না; তাদেরকে নৈতিকতা, সততা ও দেশপ্রেমের আদর্শে গড়ে উঠতে হবে। মেধা ও নৈতিকতার সমন্বয়েই একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব। আমি কৃতী শিক্ষার্থীদের অর্জনকে ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’
ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি মো: রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মূসা।
তিনি বলেন, ‘জিপিএ-৫ অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য, তবে এটিই শেষ নয়। প্রকৃত সফলতা হলো জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেকে যোগ্য, সৎ ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি চরিত্র গঠন ও দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানাচ্ছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন ও জেলা সেক্রেটারি মাওলানা অধ্যাপক আব্দুল গাফফার খান।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন টেকপার্ক ইংলিশ বাংলাদেশের ডিরেক্টর ইঞ্জিনিয়ার নাইম হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের পাবনা জেলা সেক্রেটারি মো: আবুল বাসার।
সংবর্ধনা অনুষ্ঠানে পাবনা জেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে রেজিস্ট্রেশনকৃত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।
এ সময় আয়োজকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।



