মহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

নিহতরা হলো মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের রাকিব হোসেনের দুই বছর বয়সী মেয়ে তাহেরা খাতুন এবং নওগাঁ সদর উপজেলার কিসমত কসবা গ্রামের সামশুর রহমানের ছেলে ও সরস্বতীপুর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান মিঠু (৩৬)।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Mohadevpur

নওগাঁর মহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের রাকিব হোসেনের দুই বছর বয়সী মেয়ে তাহেরা খাতুন এবং নওগাঁ সদর উপজেলার কিসমত কসবা গ্রামের সামশুর রহমানের ছেলে ও সরস্বতীপুর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান মিঠু (৩৬)।

পারিবারিক সূত্রে জানা যায়, তাহেরা খাতুন নানার বাড়ি থেকে নানী ও খালার সাথে চার্জারভ্যানে করে বাড়ি ফিরছিল। সন্ধ্যা ৬টার দিকে মহাদেবপুরের বটতলী মোড়ে চার্জারভ্যান থেকে নামার পর রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল সে। এ সময় নওগাঁগামী একটি ভটভটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাট চকগৌরী চেয়ারম্যানের বাড়ির সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান মিঠু। এ সময় একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান এবং মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।