পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা।
রোববার (৭ জুন) রাত ৯টার দিকে দাশুরিয়া-লালন শাহ সেতু মহাসড়কের কোলেরকান্দি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজি অটোরিকশার যাত্রী শিশু আলিফ (৮) ও মোটরসাইকেল আরোহী অজ্ঞাত ব্যক্তি (৫০)। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রূপপুর থেকে দাশুরিয়া অভিমুখী একটি সিএনজি অটোরিকশা কোলেরকান্দি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে শিশু আলিফ ছিটকে পড়ে যায়। পরে মোটরসাইকেল চালক গাড়ি থামিয়ে শিশুটিকে তুলতে গেলে এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পাকশী হাইওয়ে থানা পুলিশ লাশগুলো উদ্ধার করে।
রূপপুর মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মাজেদুল ইসলাম জানান, কোলেরকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে এবং আহত নারীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একজনের পরিচয় শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু মিয়া জানান, নিহতদের লাশ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আহত নারীকে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



