সিলেটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

‘কোরবানির ত্যাগের শিক্ষায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে’

‘শ্রমিকরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। জাতির সকল আন্দোলন-সংগ্রামে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু যুগ যুগ ধরে তারাই লাঞ্ছিত-বঞ্চিত রয়ে গেছে। ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবে না।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সিলেটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত |নয়া দিগন্ত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘শ্রমিকরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। জাতির সকল আন্দোলন-সংগ্রামে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু যুগ যুগ ধরে তারাই লাঞ্ছিত-বঞ্চিত রয়ে গেছে। ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবে না। ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। ঈদুল আজহা বিদায় নিলেও ত্যাগের সুমহান শিক্ষা রেখে গেছে। এর আলোকে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে কাজ করতে হবে।’

শুক্রবার (৫ জুন) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর জাতি আশায় বুক বেঁধেছিল, দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু বিএনপি সরকারের ৩ মাসের কর্মকাণ্ড দেখে জাতি হতাশ হয়েছে। তারা শ্রমজীবী মানুষের কথা চিন্তা না করে দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকা ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে। এ বিষয়ে দেশের শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের দিকভ্রান্ত শ্রমজীবী মানুষকে অধিকার প্রতিষ্ঠা এবং আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এর ধারা অব্যাহত রাখতে হবে।’

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট মহানগরীর সহ-সভাপতি এস এম মনোয়ার, সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী ও নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, বায়তুলমাল সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম ও সহ-সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম।

অনুষ্ঠানে ফেডারেশনের সিলেট মহানগর, বিভিন্ন থানা ও ট্রেড ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।