অবিলম্বে গার্মেন্টস শিল্প সেক্টরে মজুরি বোর্ড গঠন ও চলতি বছরের ডিসেম্বর থেকে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি করাসহ বিভিন্ন দাবিতে সাভারে বিক্ষোভ করেছেন শিল্পাঞ্চলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সাভার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরে পাকিজা এলাকায় গিয়ে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম সুজন বলেন, অবিলম্বে গার্মেন্টস শিল্প সেক্টরে মজুরি বোর্ড গঠন করতে হবে, চলতি বছরেরর ডিসেম্বর মাস থেকেই গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে, গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে, শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ করতে হবে, ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুর্নবহাল করতে হবে, বন্ধকৃত কারখানা চালু করতে হবে, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
তিনি আরো বলেন, শ্রমিক ছাঁটাই বেড়েই চলছে। এতে মালিক-শ্রমিক উভয়ই হতাশ। এ সময় তিনি সমস্যার সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শ্রমিক-কর্মচারীর ক্রয় ক্ষমতার নাগালের বাইরে। এমতাবস্থায় ডিসেম্বর মাস থেকেই গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স, বাংলাদেশের জাতীয় কমিটির সদস্য ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম, রাশিদা আক্তার, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান মিজান, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার আশুলিয়ার আঞ্চকি কমিটির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।



