বাউবিতে নতুন ২ প্রো-ভিসি নিয়োগ

অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণের পর জাপানের হোক্কাইদো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর
অধ্যাপক ড. আনিসুর রহমান, (ডানে) অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম
অধ্যাপক ড. আনিসুর রহমান, (ডানে) অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম |নয়া দিগন্ত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন প্রো-ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) বিজ্ঞান, গণিত ও প্রযুক্তি শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম।

শুক্রবার (১২ জুন) সকালে তারা বাউবিতে যোগদান করেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৪(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাদের এই পদে নিয়োগ দেয়া হয়েছে। গত ১১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাদের নিয়োগ দেয়া হয়।

অধ্যাপক ড. আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বি কম (সম্মান) ও এম কম (মার্কেটিং) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দশকেরও বেশি সময় শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত অধ্যাপক আনিসুর রহমান মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ও সার্জেন্ট জহুরুল হক হলের হাউস টিউটরসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে বাংলাদেশের উচ্চশিক্ষার প্রতিনিধিত্ব করেছেন। তার বহু গবেষণা প্রবন্ধ ও গ্রন্থ প্রকাশিত হয়েছে।

অন্যদিকে অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণের পর জাপানের হোক্কাইদো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি তাইওয়ানের ন্যাশনাল চিয়াও তুং বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দূরশিক্ষণ ও উন্মুক্ত শিক্ষা পদ্ধতির ওপর থাইল্যান্ডের সুখোথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটি ও ভারতের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু) থেকে প্রশিক্ষণ নিয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম।

২০০৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত থাকা অধ্যাপক সিরাজুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক প্ল্যানিং কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে বাউবিতে পাঠ্যপুস্তক প্রণয়ন, দূরশিক্ষণ কার্যক্রমের স্ক্রিপ্ট তৈরি ও পরীক্ষা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

শিক্ষা উন্নয়ন প্রকল্পে ইউনিসেফ বাংলাদেশ, প্রাথমিক শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরামর্শক হিসেবেও কাজ করেছেন অধ্যাপক সিরাজুল ইসলাম। সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহাম্মদ মহসিন হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন দুই প্রো-ভিসি যোগদানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও দূরশিক্ষণ কার্যক্রম আরো গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।