সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৯। শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে ফেঞ্চুগঞ্জ থানার সার কারখানা সংলগ্ন নতুন বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব- ৯ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ফেঞ্চুগঞ্জ থানার সার কারখানা সংলগ্ন নতুন বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়ালের ওপর রাখা একটি শপিং ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও অস্ত্রটির উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে র্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
রোববার (১২ জুলাই) এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা ওয়ান শুটার আগ্নেয়াস্ত্রটি সাধারণ ডায়েরি (জিডি) মূলে ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
র্যাব-৯ জানায়, ২৪’র ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার র্যাব-৯-এর দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে সর্বমোট ৪৯টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ছয়টি ম্যাগজিন, ৩৭ হাজার ৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল ও বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৫৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।



