সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কৃষি অনুষদের এগ্রোফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ও প্রক্টর প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার তুষার।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৯তম সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই বছরের জন্য দুজন সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন। এতে সর্বাধিক ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন ড. সামিউল আহসান তালুকদার তুষার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী মেহেতাজুল ইসলাম।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় ১৪৯ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত দুই সিন্ডিকেট সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও কার্যকর ভূমিকা রাখবেন।
ড. মো. সামিউল আহসান তালুকদার বর্তমানে ইউট্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সেমিনারবিষয়ক সম্পাদক, ইউট্যাব সিকৃবি ইউনিটের সাধারণ সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং এ্যাব সিকৃবি চ্যাপ্টারের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ী গ্রামের বাসিন্দা।



