বাগেরহাটের মোরেলগঞ্জে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়া দু’টি খাল পুনঃখনন শেষে প্রকল্পের অব্যয়িত ৪২ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। চার কিলোমিটার খাল পুনঃখননে প্রকল্পটির মোট দুই কোটি ছয় লাখ টাকার বরাদ্দ থেকে ভ্যাট আয়কর হিসেবেও ফেরত দেয়া হয়েছে ১৫ লাখ ৫৬ হাজার টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আহসান উল্লাহ বলেন, বলইবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ও খাউলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জনগুরুত্বপূর্ণ দু’টি খাল পুনঃখনন, ছয়টি কাঠের পুল ও ১০ হাজার গাছের চারা রোপনের জন্য পৃথক দু’টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প দু’টিতে ৪৩৮ জন শ্রমিক কাজ করেছেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: হাবিবুল্লাহ বলেন, পরিবেশ, প্রকৃতি ও দেশীয় মাছ রক্ষায় গৃহীত দু’টি প্রকল্পের কাজের মান রক্ষা করেই যথাসময়ে কাজ শেষ হয়েছে। কাজ শেষ করতে বরাদ্দের সমুদয় টাকা খরচ হয়নি। তাই অব্যয়িত টাকা বৃহস্পতিবার (২৩ জুলাই) সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জে বাস্তবায়িত দৃষ্টিনন্দন এ প্রকল্প দু’টির বিষয়ে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গ্রামবাসী ও কাজে অংশ গ্রহণকারী শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন।



