বরগুনার বামনায় প্লাস্টিকের ব্যাগ থেকে উদ্ধার করা পরিচয়হীন নবজাতককে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মাতৃসদন শিশু হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বরিশাল বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় বামনা হাসপাতাল থেকে বরিশালের আগৈলঝাড়া ছোটমনি নিবাস স্থানান্তর করা হয়েছিল এবং একই দিন রাতে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দৈনিক নয়া দিগন্তকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা: নিকহাত আরা।
উপজেলা সমাজসেবা অফিসার মো: মাহমুল হাসিব বলেন, ‘সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনার বামনা উপজেলার সোনাখালী গ্রামের ফায়ার সার্ভিস ইউনিটের এলাকা থেকে প্লাস্টিকের ব্যাগে রাখা নবজাতক ওই শিশুকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় দেখা যায়, শিশুটির নাড়ি তখনো কাটা হয়নি, নাভির সাথে সংযুক্ত ছিল। উদ্ধারের সময় শিশুর শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া জড়ানো ছিল। তখন আমরা শিশুটিকে দ্রুত বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটির নাড়ি কেটে প্রয়োজনীয় চিকিৎসা দেন। এরপরে তাকে দেখভাল করার জন্য বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছোটমনি নিবাসে স্থানান্তর করা হয়।’
তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি জানতে পেরে সরাসরি ওই শিশুটির উন্নত চিকিৎসা সেবার জন্য তার কার্যালয়ের মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদকে ফোন করে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় শিশু সদন হাসপাতালে পাঠানোর নির্দেশনা দেন।
পরে শিশুটিকে এয়ার অ্যাম্বুলেন্সের পরিবর্তে সড়ক পথে উন্নত অ্যাম্বুলেন্সযোগে ঢাকা পাঠানোর ব্যবস্থা করেন বিভাগীয় কমিশনার। বিকেল সাড়ে ৪টার দিকে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে একজন চিকিৎসক এবং নার্সসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে ওই অ্যাম্বুলেন্সেটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।
এ বিষয়ে বরগুনার বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা বলেন, ‘বুধবার বিকেলে একজন চিকিৎসক, সমাজসেবা কর্মকর্তা ও একজন নার্সসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে অ্যাম্বুলেন্সযোগে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’
তিনি জানান, এর আগে গত মঙ্গলবার দুপুরে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের ‘রোগীকল্যাণ সমিতি’র মাধ্যমে নবজাতক শিশুটিকে তাৎক্ষণিকভাবে পাঁচ সেট পোশাক, দু’টি তোয়ালে, একটি বিছানা, একটি ওয়েট টিস্যু বক্স ও দু’টি প্যাম্পার্স দেয়া হয়।



